আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে সকলের সমন্বয়ে মহান দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, পৌর প্রশাসক শামীম আল ইমরান, সাংবাদিক মাহবুবুর রহমান, মমতাজ উদ্দীন বাহারী, নুরুল ইসলাম হেলালীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় সরকারি–বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে আটটায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কুচকাওয়াজ, সকাল সাড়ে ১১ টায় বিয়াম স্কুল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, বিকেল সাড়ে তিনটায় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীর সুভাষ হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। সভা শেষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।