দেশজুড়ে বহমান তীব্র শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজারে দুই শতাধিক শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্যাংকটি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা ব্যাংক পিএলসি’র কক্সবাজার শাখা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচণ্ড শীতে যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা যখন চরম কষ্টে দিনাতিপাত করছেন, তখন ঢাকা ব্যাংকের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ঢাকা ব্যাংক পিএলসি কক্সবাজার শাখার ব্যবস্থাপক ও এসএভিপি শামসুদ্দিন। এসময় ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে শাখা ব্যবস্থাপক শামসুদ্দিন বলেন, ঢাকা ব্যাংক পিএলসি কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং এটি আর্তমানবতার সেবায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাকে আমরা নৈতিক দায়িত্ব বলে মনে করি। বর্তমান শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা উপশমের লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও উল্লেখ করেন যে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় ঢাকা ব্যাংকের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
বিতরণকৃত কম্বল পেয়ে অসহায় মানুষগুলোর মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়। তারা ব্যাংকের এই সময়োপযোগী উদ্যোগের প্রতি গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।