প্রেস বিজ্ঞপ্তি
উপকূলীয় অঞ্চলে পুষ্টি চাহিদা পূরণ এবং আত্মকর্মসংস্থানের নতুন ক্ষেত্র হিসেবে মাশরুমের তাত্ত্বিক ও ব্যবহারিক সম্ভাবনা তুলে ধরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) কক্সবাজার জেলা সদরের ঝিলংজায় অবস্থিত হর্টিকালচার সেন্টারের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় স্থানীয় ৩০ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. কুতুব উদ্দিন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। এছাড়াও সেশন পরিচালনা করেন, জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তপন কুমার রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও হর্টিকালচার সেন্টারের উপসহকারী আকবর হোসেন সিদ্দীকী।
দিনব্যাপী এই সেশনে প্রশিক্ষকগণ মাশরুমের স্বাস্থ্যগত গুণাগুণ, কম খরচে উৎপাদন পদ্ধতি, কাঁচামাল সংগ্রহ, বীজের সঠিক পরিচর্যা এবং বাণিজ্যায়ন সম্পর্কিত নানা কৌশল তাত্ত্বিক ও ব্যবহারিক প্রদর্শনী সহকারে বিস্তারিত তুলে ধরেন।
কৃষি কর্মকর্তারা জানান, মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ভেষজ গুণসম্পন্ন খাদ্য। কম জমিতে এবং অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রে মাশরুম চাষ তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য এক সম্ভাবনাময় পথ হতে পারে।
প্রশিক্ষণ পর্ব শেষে অংশগ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে মাশরুমের বীজ (স্পন) ও সফলভাবে প্রশিক্ষণ শেষের সনদপত্র তুলে দেন অতিথিরা।