থাইল্যান্ডে তৈরি, মিয়ানমার হয়ে পাচার হয়ে আসা প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল কক্সবাজারের টেকনাফে জব্দ করা হয়েছে। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টেকনাফের লামারবাজার এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় বিজিবি, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তর।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এক বার্তায় জানান, গত দুই মাস ধরে টেকনাফ উপজেলায় অবৈধ কারেন্ট জাল মজুদ ও পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল বিজিবি।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা থাইল্যান্ডে তৈরি বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল টেকনাফ বাজারের কয়েকটি গুদামে মজুদ রাখা হয়েছে। এ তথ্যের পর টেকনাফ সদরস্থ লামার বাজার এলাকায় নজরদারি বাড়ানো হয়।
পরবর্তীতে বিজিবি, নৌ—পুলিশ, টেকনাফ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী সকাল ৮টা ২০ মিনিটে লামার বাজার এলাকার চারটি গুদামে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে গুদামগুলোর বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, সুপরিকল্পিত ও সমন্বিত এ অভিযানের ফলে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা সম্ভব হয়েছে। এসব জাল দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
পরে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ প্রক্রিয়া শেষে সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক এবং নৌ—পুলিশ প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।