রামিসা, উর্মি আছিয়া সহ সকল শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন কক্সবাজারের নানা সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে সারাদেশে হামের প্রকোপ মোকাবেলায় হামকে মহামারি ঘোষণা করে জরুরি উদ্যোগ গ্রহণ করার দাবিও জানানো হয়।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার শহর সহ জেলার বিভিন্ন স্থানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে এমন দাবি জানানো হয়।
এই সব কর্মসূচিতে বক্তারা বলেছেন, শিশুদের বাস যোগ্য দেশ তৈরিতে রাষ্ট্রের শাসনযন্ত্রকে আরও বেশি কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
সকালে কক্সবাজার পৌরসভা চত্বরে রামিসা, উর্মি, আসিয়াসহ সারা বাংলাদেশে অসংখ্য শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কর্মসূচির আয়োজন করেন কক্সবাজার জেলা খেলাঘর আসর।
বিকাল ৩ টায় কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে প্রতিবাদী নারী জোট, বিকাল ৪ টায় কক্সবাজার পৌরসভা চত্বরে কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠন, বিকাল সাড়ে ৫ টায় শহীদ মিনারে প্রথম আলো বন্ধুসভা একই কর্মসূচির আয়োজন করে।
এছাড়া জেলার টেকনাফ, উখিয়া, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় একই কর্মসূচি পালন করা হয়।