গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্টগার্ড কর্তৃক সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলে নিয়োজিত কোস্টগার্ড জাহাজ জয় বাংলা বৃহস্পতিবার সকাল ১০টায় রাডার কন্টাক্টের মাধ্যমে একটি ট্রলারকে সমুদ্রে ভাসমান অবস্থায় শনাক্ত করা হয়। অতঃপর ট্রলারটির পাশে গিয়ে জানা যায় ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল হতে মৎস্য আহরণের জন্য সমুদ্রে যায়। পরবর্তীতে, ইঞ্জিন বিকল হয়ে গত ৩ দিন যাবৎ ট্রলারটি কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকে। অতঃপর কোস্টগার্ড জাহাজ কর্তৃক ট্রলারটিসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় খাবার এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
উদ্ধারকৃত বোট ও জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।