কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা এসব পরিবারের সদস্যদের হাতে সংস্থার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
জানা যায়, গত ১৭ অক্টোবর (শনিবার) রাত ১১টার দিকে কৈয়ারবিল ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে এই পরিবারগুলো বর্তমানে চরম অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। এমন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এগিয়ে এসেছে কোস্ট ফাউন্ডেশন।
সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই নগদ অনুদান বিতরণ করা হয়। অনুদান বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো. আয়ুব আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নম্বর কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দীন, ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দীন, সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফরিদা বেগম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মেজবাহ উদ্দীন, মো. শাহজালাল ও ওয়াহিদুল ইসলাম।
এছাড়া কোস্ট ফাউন্ডেশনের পক্ষে এলাকা ব্যবস্থাপক মো. আজিম, শাখা ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিন, মনছুর আলম এবং লজিস্টিক অফিসার জুলফিকার হোছাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুদানপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন- হাফেজ উমর কাদের, আব্দুল কাদের, সেবুল কাদের, রুহুল কাদের, নুরুল কাদের, মোহছেনা বেগম, মোবারক হোসেন, আইয়ুব আলী, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দীন, জালাল আহমদ, আব্দুল হামিদ ও মোহাম্মদ রফিক।
অনুদান প্রদানকালে বক্তারা বলেন, "প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। কোস্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।"