বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ মো. সলিম উল্লাহ (৩৮) নামে এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি পুরোনো সিএনজিও জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভোরে ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড়ে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুবনিয়া থেকে মেম্বারঘাটা হয়ে কুতুপালংগামী একটি সিএনজিকে অস্থায়ী চেকপোস্টে থামানোর চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির পেছনের আসনে থাকা এক ব্যক্তি পালিয়ে যায়। পরে সিএনজির চালক মো. সলিম উল্লাহকে আটক করা হয়।
আটক সলিম উল্লাহ (৩৮) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফারির বিল গ্রামের আবুশাহমার ছেলে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিটি তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১০০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে মোট ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন পুরোনো সিএনজি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।