নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মনির আহম্মেদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর জিপি গেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মনির আহম্মেদ কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।
১১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সবুজ রঙের ২০০ পিস এবং হলুদ রঙের ২০ হাজার পিসসহ সর্বমোট ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা এবং জব্দ করা সিএনজির মূল্য ৪ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।