চকরিয়ায় দেশীয় তৈরী পাঁচটি বন্দুক ও ১৭ টি গুলিসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার বেইস স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
আটকরা হল- মোহাম্মদ তানভীর (২১), মো. রুকমদ্দিন (৪২) ও আকতার আহমেদ (৭৮)। তারা চকরিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।
লে. কমান্ডার আরাফাত হোসেন বলেন, সোমবার মধ্যরাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদর আউলিয়া ঘাট সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত সাগরে অবস্থানকারি বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারে ডাকাতির উদ্দ্যেশে অবস্থানের খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
আটকদের হেফাজত ও ঘটনাস্থলের আশপাশে তল্লাশী চালিয়ে পাওয়া যায় দেশিয় তৈরী ৫ টি বন্দুক ও ১৭ টি গুলি।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, 'আটকরা সংঘবদ্ধ একটি ডাকাতদলের সদস্য। চক্রটির সদস্যরা অস্ত্র কেনাবেচার পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের উপর হামলা ও ডাকাতি সহ নানা অপরাধ কর্মে জড়িত।'
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লে. কমান্ডার আরাফাত হোসেন।