শহরের এন্ডারসন রোড-এর একটি আবাসিক হোটেল থেকে মো. হানিফ (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি রাজধানী ঢাকার মিরপুর এলাকার সিকান্দার কাজীর ছেলে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে হোটেল সৌদিয়ার তৃতীয় তলার ১৯ নম্বর কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১১টার দিকে খাবার খেতে কক্ষ থেকে বের হন হানিফ। এরপর সোমবার দুপুরের দিকে হোটেলের এক কর্মচারী তার কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরের প্রবেশদ্বার বাসটার্মিনাল এলাকার ঢাকা হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউল কবিরের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদ এলাকায়। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।