আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া–পেকুয়া আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই গণজাগরণ দেখে বিএনপি এখন কালো টাকা বিতরণ শুরু করেছে। অবৈধ অর্থের মাধ্যমে ভোট ক্রয় করে জনগণের এই জোয়ার রোধ করা যাবে না।
তিনি আরও বলেন, বিএনপি দিশেহারা হয়ে এখন ভোটার ও দাঁড়িপাল্লার কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে। এসব করে জনগণের মন জয় করা সম্ভব নয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর পেকুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আনোয়ারুল উলুম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত উপজেলার সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আরিফুল ইসলাম।
পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. নুরুল কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মনজু, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এবং লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অন্তত ১০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।