বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়পত্র জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ মনোনয়নপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এদিন দুপুর আড়াইটায় মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। এরপর তারা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়পত্র জমা দেন।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী, হাবিব উন নবী খান সোহেল।
বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে একই ব্যক্তির নামে। যার প্রস্তাবক ও সমর্থক হলেন আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে কমপক্ষে ৩৫ বছর বয়সী এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে কার্যভার গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হবে।
তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে।