প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ধারাবাহিকতায় শুক্রবার (১২ জুন) বিকেলে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল বের করা হয়।
জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে। মিছিলে দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন।
মিছিলে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না এমপি। এতে জেলা পরিষদ প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরীসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এডভোকেট শামিম আরা স্বপ্না এমপি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর প্রধামন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কক্সবাজারবাসীর মধ্যে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। তিনি আজকের মহাসমাবেশকে সফল ও স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় রূপ দেওয়ার জন্য জেলার সর্বস্তরের জনগণকে সুশৃঙ্খলভাবে যোগ দেওয়ার আহ্বান জানান। একই সাথে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে স্বাগত মিছিলে অংশ নেওয়া সমস্ত নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।
এদিকে জেলা সদরের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমনী বার্তাকে স্বাগত জানিয়ে উখিয়া-টেকনাফ ও চকরিয়া-পেকুয়াসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলা, রামুর চাকমারকুল ইউনিয়ন এবং মহেশখালী সদর ও শাপলাপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক পৃথক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ সফল করতে গ্রামীণ জনপদগুলোতেও ব্যাপক গণসংযোগ করা হয়েছে।
কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে।