বন্যাকবলিত ২০০ শিশুর মাঝে খাবার বিতরণ করেছে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দেয়া ১১ বিজিবি কতৃক দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা কার্যক্রম ও খেলাধুলার পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে মানসিক চাপ এবং নানা স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হয়েছে। এই মানবিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর উদ্যোগে বন্যাকবলিত এলাকার ২০০ শিশুর মাঝে রান্না করা খাবার, বিস্কুট ও কেক বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্দেশ্য ছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাদের মাঝে সাময়িক স্বস্তি ও আনন্দের অনুভূতি সৃষ্টি করা।
তথ্য মতে, খাদ্যসামগ্রী বিতরণকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক শিশুদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। তিনি তাদের সার্বিক পরিস্থিতি, প্রয়োজনীয়তা এবং বন্যাজনিত দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লে:কর্ণেল মো:,ফয়জুল কবির বলেন, 'দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারন মানুষ ও শিশুদের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবি অসহায় মানুষ ও শিশুদের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।'