কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস। " ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার " এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে র্যালী উদ্বোধন করা হয়। পরে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়নের লক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, একটি সংবেদনশীল সমাজই পারে একটি সংবেদনশীল জাতি গড়তে। সেই জাতি গড়তে হলে সব দিক থেকে মানবিক হতে হবে, এবং শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষাকে সম্মান করতে হবে।
তিনি বলেন, প্রতিবন্ধীতা কোনো সীমাবদ্ধতা না বরং ভিন্নভাবে সক্ষম।
সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রতি আহ্বান জানান তিনি।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে এতে জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মোয়াজ্জেম হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সফিউদ্দীন সফি,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা: ছাইদুজ্জমান মজুমদারসহ সংশ্লিষ্টরা
বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কক্সবাজারের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে ৫টি হেয়ারিং এইড ও ৫ টি হুইল চেয়ার সহায়ক উপকরণ বিতরণ করা হয়।