উখিয়ার বালুখালী সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূণ্যরেখার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
আহত বদিউল আলম (৩২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে উখিয়ার বালুখালী সীমান্তের নাফ নদীতে বদি আলম সহ স্থানীয় আরও ২/৩ জন মাছ ধরতে যায়। এক পর্যায়ে শূণ্যরেখার মিয়ানমার অভ্যন্তরে পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বদি আলমের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং ডান পাশে আঘাতপ্রাপ্ত হয়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্যরা বদি আলমকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। তার আঘাতের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এর আগে, গত ২৮ জুলাই নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে আব্দুল করিম (৪০) নামের এক যুবক আহত হয়েছিল।
এনিয়ে গত এক বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত এবং ৩১ জনের বেশি মানুষ আহত হয়েছেন।