কক্সবাজারের ইনানীতে সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পরিদর্শনকালে সেনাপ্রধান এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পরিদর্শনকালে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।