বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফনদীর জলসীমা থেকে বাংলাদেশি ৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফ শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়-মঙ্গলবার রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া দিয়ে ফিরছিল। এ সময় হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। পরে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকা গুলো দ্রুত সরে এসে নিরাপদে ফিরে আসি। বিষয়টি বিজিবি এবং উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়-পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং কোস্টগার্ড কর্তৃপক্ষকে অবহিত করেছি। তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এলাকায় অবস্থানরত মাঝি ও জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এদিকে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময় আরাকান আর্মি ধরে নিয়ে ৭৩ জেলেকে দীর্ঘ আলোচনা ও সমন্বয়ের পর গত সোমবার দেশে ফিরিয়ে আনে আইন-শৃঙ্খলা বাহিনী।