কক্সবাজারে হামের উপসর্গে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলাটিতে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
রোববার (২১ জুন) বিকেলে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুর নাম নূর আসমা (১৬ মাস)। সে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের মেয়ে।
সিভিল সার্জন ডা. ছাবের জানান, সারাদেশে হামের প্রাদুর্ভাবের প্রথমদিকে কক্সবাজারের সংক্রমণ পরিস্থিতি বেশ উদ্বেগজনক ছিল। তবে গত এক মাসে সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় হামের উপসর্গে কোনো শিশুর মৃত্যুর খবর আসেনি। কিন্তু গত সপ্তাহখানেক আগে জ্বর, কাশি ও খিঁচুনির মতো হামের উপসর্গ নিয়ে নূর আসমা নামের ওই রোহিঙ্গা শিশুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নতুন এই মৃত্যুসহ জেলাটিতে এখন পর্যন্ত হামের উপসর্গে ১৯ জনের মৃত্যু হলো, যার মধ্যে দুইজন রোহিঙ্গা শিশু রয়েছে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে জেলাজুড়ে হামের উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৫৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০৩ জন রোগী।