চকরিয়া ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ শয্যা বৃদ্ধির দাবী করে আসছিলো। এরপ্রেক্ষিতে ৫০ শয্যার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় এবং ৩১ শয্যা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য বিভাগ।
গত মঙ্গলবার (১২ মে) এ প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত সম্মতি জ্ঞাপন করে। অনুমোদনের আওতায় বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
দীর্ঘদিন ধরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ শয্যায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলো। জনসংখ্যা বৃদ্ধি ও রোগীর চাপ বাড়লেও শয্যা সংখ্যা সীমিত থাকায় চিকিৎসাসেবায় নানা ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে। নতুন এই অনুমোদনের ফলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
সংশ্লিষ্টরা জানান, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর চকরিয়া-পেকুয়ায় উন্নয়নের ধারাবাহিকতায় একের পর এক প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন হচ্ছে। স্বাস্থ্য খাতেও এই বড় অর্জনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।
এবিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, শয্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও কার্যকর হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বর্ধিত পরিসরে সেবা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।