কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে পর্যটকবাহী জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষে আনিসুর রহমান (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
রোববার বিকেলে শাহপরীরদ্বীপ-হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।
নিহত যুবক আনিস টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী বকসু মিয়ার ছেলে। তিনি আগামী মাসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী আবুল বশর জানান, লবণের পানির কারণে পিচ্ছিল সড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয়রা জানান, শাহপরীরদ্বীপে মৌসুমে বেশি লবণ উৎপাদন হওয়ায় তা মূলত ট্রাকে সড়কপথে পরিবহন করা হয়। তবে নিয়ম না মেনে লবণবাহী ট্রাকে জিওটেক্স ব্যবহার না করায় পথে লবণের পানি ও কাঁচা মাটি পড়ে রাস্তায় পিচ্ছিল আস্তরণ তৈরি হচ্ছে। কুয়াশার সময় এটি আরও বিপজ্জনক হয়ে দুর্ঘটনা বাড়াচ্ছে, ঘটছে প্রাণহানি ও আহতের ঘটনা। নতুন সড়ক চালু হওয়ার পর যাতায়াত বাড়লেও এই সমস্যা এখন বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।