কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ধানের শীষ তথা বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ শনিবার (৩১ জানুয়ারি) বিভিন্ন স্থানে গণসংযোগকালে বলেন, দেশের মানুষ আজ ভোটের অধিকার হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। একটি অনির্বাচিত ও জবাবদিহিহীন সরকারের হাতে গণতন্ত্র বন্দি হয়ে পড়েছে।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এই নির্বাচনের মূল লড়াই। মানুষ শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা চায়। তারা আর দমন-পীড়ন, গুম-খুন ও রাজনৈতিক হয়রানির রাজনীতি দেখতে চায় না। ধানের শীষ সেই পরিবর্তনের প্রতীক।
ফরিদ বলেন, মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এই এলাকার মানুষ চরম অবহেলার শিকার হয়েছে। অথচ এই জনপদেই রয়েছে বিপুল সম্ভাবনা। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলকে পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। কোনো নিরীহ মানুষকে আর রাজনৈতিক কারণে হয়রানি করা হবে না। রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসন ও জবাবদিহিতার ভিত্তিতে।
গণসংযোগকালে তিনি মহেশখালী ও কুতুবদিয়ার সর্বস্তরের জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি দল বা ব্যক্তির জন্য নয়। এটি জনগণের অধিকার ও ভবিষ্যতের প্রশ্ন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে রায় দিতে হবে।