কক্সবাজারের চারণ সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস আর নেই (ইন্না-লিল্লাহি---রাজেউন)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বসবাসরত শহরতলীর দরিয়ানগরে স্ট্রোকে আক্রান্ত তিনি। পরে দুপুর সোয়া ১২ টা দিকে সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আহমদ গিয়াস জেলার একজন নিভৃতচারী মেধাবী ও সত্যনিষ্ট সাংবাদিক ছিলেন। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। এই সময়ে দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন, দৈনিক কক্সবাজারসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। চট্টগ্রামের শীর্ষ পত্রিকা দৈনিক আজাদীতে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ২০ বছর কর্মরত ছিলেন।
সাংবাদিকতা জীবনে অত্যন্ত সৎ, সাহসী ও নির্লোভ ছিলেন আহমদ গিয়াস। সকল লোভের উর্ধ্বে উঠে, রক্তচক্ষু উপেক্ষা করে নিঃসংকোচে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। সত্যের প্রশ্নে কখনো আপোষ করেননি। মুখের উপর বলতেন সত্য ও গঠনমূলক কথা। কখনো রাজনৈতিক বা প্রশাসনিক লেজুড়বৃত্তিক হয়ে সাংবাদিক করেননি। এ কারণে বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি একজন গবেষক হিসেবে নাম কুড়িয়েছিলেন আহমদ গিয়াস। তিনিরদ পরিবেশ বিষয়ে দীর্ঘ গবেষনা করেছেন। এছাড়া ব্লু ইকোনমি ও মৎস্য সম্পদ নিয়ে নিয়মিত গবেষনা করতেন। এ সম্পর্কিত তার বহু সংবাদ ও গবেষণাপত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।
ব্যক্তিগত জীবনে অত্যন্ত নিরহংকার, সজ্জন ও নির্লোভ ছিলেন। অর্থবিত্তের প্রতি কোন ধরণের লোভ-লালসা ছিলো না। গত ১৫ বছর শহরের চাকচিক্যময় জীবন ছেড়ে শহরে থেকে দূরে দরিয়ানগরে পাহাড়ি ঢালুতে কুঁড়েঘরে অনেকটা মানবেতর জীবন করেছেন।
আহমেদ গিয়াসের আকস্মিক অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই শোকে মূহ্যমান হয়ে পড়েছেন।
স্মৃতিচারণ করতে গিয়ে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী বলেন, আহমদ গিয়াস সত্যনিষ্ট, অনুসন্ধানি সাংবাদিকতার মাধ্যমে কক্সবাজারের সাংবাদিকতা জগতে নিজের একটি স্বতন্ত্র স্থান তৈরি করেছিলেন। তার মতো দায়িত্বশীল সাংবাদিক বর্তমানে কম রয়েছে।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র সভাপতি নূরুল ইসলাম হেলালী বলেন, আহমদ গিয়াস সাংবাদিকতাকে অনেকটা ইবামতের মতো মনে করতেন। জনগণ, সমাজ ও রাষ্ট্রের তার দায়বদ্ধতা ছিলো অসাধারণ। টাকার জন্য কখনো সাংবাদিকতা করেনি। অসহায় মানুষের পক্ষে ও খারাপ লোকের বিপক্ষে তার কলম ছিলো অবিচল।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান বলেন, আহমদ গিয়াস এই যুগের সাংবাদিকতার শিক্ষকের স্থানে ছিলেন। অত্যন্ত জ্ঞানী ও দক্ষ সাংবাদিক ছিলেন। মনপ্রাণ দিয়ে তিনি সাংবাদিকতা করতেন৷