ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী ঘোষিত 'প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস' কর্মসূচির অংশ হিসেবে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় গৃহীত এ কর্মসূচির আওতায় শনিবার (১৮ এপ্রিল) পৌরসভার ৫ নং ওয়ার্ডের টিএনটি চৌধুরী পাড়া এলাকায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ড্রেন পরিষ্কার চলমান কার্যক্রম দেখতে সেখানে উপস্থিত হয়ে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
এসময় এমপি কাজল বলেন, 'ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান বা 'ক্লিনলিনেস ড্রাইভ' কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে ; বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা'। তিনি আরও বলেন, 'একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পর্যটন নগরী গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এজন্য পৌরসভাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই ড্রেনগুলি পরিস্কার করতে হবে; এমনভাবে পরিস্কার করা হবে যাতে বর্ষায় কোথাও জলজটের সৃষ্টি না হয়। তিনি আবারও ড্রেনে বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য শহরবাসীর প্রতি আহবান জানান।'
উল্লেখ্য, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ মোকাবিলায় কক্সবাজার পৌরসভা ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে এবং নাগরিকদের সম্পৃক্ত করে টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।