এস্কেভেটরবাহী ভারী ট্রাকের চাপে ধসে পড়ল লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের আজিজনগর- গজালিয়া সড়কের চেয়ারম্যান লেক বেইলি সেতুটি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে এস্কেভেটর (ভেকু) বহনকারী একটি ভারী ট্রাক সেতুটি পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে ভেঙে নিচে পড়ে যায়।
আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন জানান, দুপুরে গজালিয়া থেকে আজিজনগরগামী একটি ভারী ট্রাক এস্কেভেটর বহন করে বেইলি সেতুটির ওপর দিয়ে পার হওয়ার সময় সেতুটির ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ওজন হওয়ায় মুহূর্তের মধ্যেই লোহার পাটাতন ও কাঠামো ভেঙে ট্রাকসহ সেতুটি খালে ধসে পড়ে যায়। এ দুর্ঘটনার ফলে আজিজনগরের সাথে লামা সদরের যাতায়াত বন্ধ হয়ে যায়। সেতুটির দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন।
স্থানীয় এলাকাবাসি জানায়, ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আজিজনগর- গজালিয়া সড়কের এই বেইলি সেতুগুলো দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগেও এই সড়কে অতিরিক্ত পাথর ও বালুবোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে একাধিকবার ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড বা ওজন সীমা থাকার পরও প্রশাসনের নজরদারির অভাবে অবাধে ভারী যানবাহন চলাচল করায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
এদিকে সড়ক ও জনপদ বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বেইলি সেতুটি ধসে পড়ার কিছুক্ষণের মধ্যে যাতায়াত স্বাভাবিক করতে বিকল্প সড়কের কাজ শুরু করে দিয়েছি। ঘন্টাখানেকের মধ্যে যাতায়াত ব্যবস্থা চালু হবে।