স্টাফ রিপোর্টার, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাই গরু পাচারের সময় গরু ও পিকআপ ভ্যানসহ চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা।
আটকরা হলেন-ঘুমধুম কচুবনিয়া এলাকার মৃত বাচা মিয়ার ছেলে শাহ কামাল (২৭), কুমিল্লা জেলার হাজীগঞ্জ উপজেলার মৃত মো. শফির ছেলে মো. জোবাইর (৩০) এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার আবদুল আজিজের ছেলে নাজমুল হাসান ওরফে মো. হাসান (২৫)।
পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর আজুখাইয়া সড়কে নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় শনিবার ভোররাতে একটি পিকআপ ভ্যান থামানো হয়। তল্লাশিকালে পিকআপের ভেতর থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়। এ সময় গরু পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।
ওসি আবদুল বাতেন মৃধা জানান, আটককৃতরা পিকআপ ভ্যানে করে চোরাই গরু পাচারের চেষ্টা করছিল। পুলিশের অভিযানে গরু ও ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চোরচক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।