রামু সরকারি কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার, ৭ জানুয়ারি সকালে জাতীয় সংগীত পরিবেশন, মশাল ও ম্যারাথন দৌড় এর মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। এরআগে কলেজ মাঠে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন- রামু কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনছুর চৌধুরী।
অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাছানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতীম বড়ুয়া, কলেজ প্রতিষ্ঠার অগ্রনায়ক বিশিষ্ট কন্ঠশিল্পী বিভাস সেন গুপ্ত জিগমী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক আবুল মনছুর মোহাম্মদ জহির, শিক্ষক পরিষদের সম্পাদক ইজত উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সৌহার্দ্যপূর্ণ মানসিকতা অর্জন করতে পারে, যা ভবিষ্যতে দেশ গঠনে সহায়ক হবে। কলেজের শিক্ষক মানসী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারি, ছাত্রীছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
“সুস্থ দেহ, শুদ্ধ মন—দেশ গঠনে প্রয়োজন” এই স্লোগানকে সামনে রেখে প্রথম দিনে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, রামু সরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।