কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে একজনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।রিফাত আসমা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছেপটখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার সত্যতা পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকার বাসিন্দা নুরুল আবছারকে (৩৫) এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, উখিয়ায় পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রম পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উখিয়া উপজেলায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে এ বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।