ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
বিবিসি বাংলাকে সোমবার দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মাহফুজ সংবাদমাধ্যমটিকে জানান, লক্ষ্মীপুর-১ আসন থেকে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও নির্বাচনে লড়ছেন না তিনি।
নিজের অবস্থান ব্যাখ্যা করে সাবেক এ উপদেষ্টা বলেন, ‘আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করব না। এই কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি, কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে।
‘সেই কারণে আমি সরে গেছি, কিন্তু নির্বাচন করব না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।’
মাহফুজের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এ বিষয়ে মাহফুজ বলেন, ‘তিনি এনসিপির নেতা। তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এই বিষয়ে আমার কিছু বলার কিছু নেই।’
এর আগে সোমবার ফেসবুকে দেওয়া এক ঘোষণায় মাহফুজ বলেছিলেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও বর্তমান এনসিপির অংশ হচ্ছেন না।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেন, ‘ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়।’