বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের এক বিরল আকৃতির ভোল মাছ। মাছটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ জেলের জালে বিশাল এই ভোল মাছটি আটকে পড়ে। ঘাটে মাছটি নৌকা থেকে নামলে উৎসুক জনতা দেখার জন্য ভিড় করেন।
নৌকার মালিক সাইফুল ইসলাম জানান, এত বড় মাছ তুলতে তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। এত বড় মাছ জীবনে কখনো দেখিনি, তুলতেই হিমশিম খেতে হয়েছে।”
লামার বাজারের আড়তে মাছটির প্রাথমিক দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী করিম সওদাগর জানান, মাছটি রাজধানী ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং রাতেই পরিবহনের জন্য রওনা দেবে।
স্থানীয় জেলে নুর মোহাম্মদ জানান, এত বড় ভোল মাছ বহু বছর ধরে তাদের জালে ধরা পড়ে না। বিরল এই মাছটি ধরা পড়ায় এলাকায় উৎসাহ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।
জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘ শাপলাপুর বাহারছড়া এলাকার এক জেলের জালে একটি বিশাল ভোল মাছ ধরা পড়ার খবর শুনেছি। শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত ভোল মাছ জেলেদের জালে আটকা পড়ে। এই মাছ সাধারণত ৪০০ কেজি পর্যন্ত হয়ে থাকে।’
মৎস্য কর্মকর্তা আরও বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জেলেরাও ভালো দাম পাচ্ছেন।