কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকায় জাহেদ হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জাহেদ হোসেন রমজান আলীর ছেলে এবং তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, ৭ জানুয়ারি দুপুর ১টায় টেকনাফে হোয়াইক্যং কম্বনিয়া পাড়া এলাকার এক ব্যক্তির মৃত্যুদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। তাৎক্ষনিক থানা পুলিশের অপারেশন অফিসার পরিদর্শক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ওসি মোঃ সাইফুল ইসলাম আরও জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।