কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান জব্দ করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে দুইটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার পাড়া এলাকা থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, টেকনাফ ক্যাম্পের (সিপিসি-১) একটি আভিযানিক দল শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সাবরাং বাজার পাড়ায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার চালান হস্তান্তরের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে র্যাবের টিমটি ৪ নম্বর ওয়ার্ডের জনৈক মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠের পার্শ্ববর্তী ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তায় পৌঁছায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি হাতের ৪টি পুরোনো লুঙ্গির পোঁটলা ফেলে রেখে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উক্ত পোঁটলাগুলো তল্লাশি চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করে র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়া অজ্ঞাত আসামি ও মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।