কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা ১১টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটকরা হল: টেকনাফের সাবরাং ইউনিয়নের করাচিপাড়ার জাহেদ হোসেনের ছেলে মোঃ জায়েদ (২৬) ও পানছড়িপাড়ার আব্দুল আলমের ছেলে সোহেল (১৮)।
কোস্টগার্ড জানায়- টেকনাফ উপজেলার সাবরাং কাটাবুনিয়া এলাকায় বুধবার সন্ধ্যায় একটি বিশেষ অভিযান পরিচালনা কোস্টগার্ড। অভিযানে ১টি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত প্রদান করলে, মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে মোটর সাইকেলসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থাকা ১টি বস্তা তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।