কক্সবাজারের ঈদগাঁওতে অগ্নি-নির্বাপনে গিয়ে দমকল বাহিনীর পানিবাহী গাড়ি উল্টে ৫ জন কর্মী আহত হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মেহেরঘোনা নামক স্থানে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে আগুন লাগার খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস স্টেশনের পানিবাহী একটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে পানিবাহী গাড়িটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে দমকল বাহিনীর ৫ জন সদস্য আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
দোলন আচার্য্য বলেন, ফায়ার সার্ভিসের আরও ১টি ইউনিট ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় দ্রুত ছুটে যায়। স্থানীয় এবং ফায়ার সার্ভিস মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই যায়। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া এলাকার জাহেদ হোসেনের মালিকানাধীন একটি মার্কেটের তিনটি দোকানে আগুন লাগে। এতে নুরুল আজিমের চিরাই কাঠের দোকান, আমির আলীর কুলিং কর্নার এবং শামসুল আলমের ফার্নিচার দোকান পুড়ে যায়।
কুলিং কর্নার মালিক আমির আলী বলেন, তার দোকান গত দুই দিন ধরে বন্ধ ছিল। স্বাভাবিকভাবে আগুন লাগার কোনো কারণ নেই।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়া বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।