কক্সবাজারের টেকনাফ থেকে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। তাদের দাবি-আটক ৫ জনই মাদক পাচারকারী।
শুক্রবার (২৭ মার্চ) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটকরা হল: টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মো: সুলতানের ছেলে মোঃ ইয়াসিন (৩৫), টেকনাফ হাজমপাড়ার মকবুল আহমেদের ছেলে মোঃ ইসমাইল (২২), লাল মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দিন (৩২) ও জসিম উদ্দিন (৩৩) ও কুমিল্লা চৌদ্দগ্রামের মৌলভী বাড়ি পাশা কোট এলাকার মো: মান্নানের ছেলে সাহাদাত হোসেন (সাকিব)।
কোস্টগার্ড জানায়-কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া লবণের ঘোনা হতে একটি কাভার্ড ভ্যান যোগে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে খবর পায়। পরে সকাল সাড়ে ৭টার দিকে কোস্টগার্ডের বিশেষ দল নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অবস্থান নেয়। অভিযানে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে প্রস্তুতকৃত গোপন চেম্বারের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩ লাখ ৩০ হাজার ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, মিয়ানমার হতে একটি ইয়াবার চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। খবর পেয়ে রাডার নজরদারি ও বিশেষ টহল বৃদ্ধি করা হয়। পরে শুক্রবার ভোরে মিয়ানমার থেকে সন্দেহজনক একটি ফিশিং ট্রলার শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে ট্রলারটি থামানো হয়। এসময়, ট্রলারটি তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যান এবং আটক মাদক পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্টগার্ড।