টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বিপুল ইয়াবা ও হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন তথ্য জানিয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মারুফ আহমেদ বলেন, 'দেশের উপকূলীয় অঞ্চল ও একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন খবরে সেন্ট মার্টিনসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ৩টি বস্তা সমুদ্রে ফেলে দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে বলে এ কোস্ট গার্ড কর্মকর্তার ভাষ্য।
তিনি বলেন, 'জব্দ করা মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এবং মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।'