রামুতে অভিযান চালিয়ে ৩ লাখ ইয়াবা জব্দ করেছে এসআরবি-১৫। এ ঘটনায় আটক করা হয়েছে খালেদা বেগম(৪০) নামে এক নারীকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানিয়েছে, রামুর কচ্ছপিয়ায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন গোপন খবরের ভিত্তিতে আভিযানিক দলটি বিকেল সাড়ে ৪টার দিকে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুুনিয়াছড়া জেবর মল্লিকের চাষের জমিতে অভিযান পরিচালনা করে। এসময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে খালেদা বেগম(৪০) নামে এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খালেদা বেগমের স্বীকারোক্তি ও দেখানো মতে জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাকো সংলগ্ন নালার পানির নিচে তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদক কারবারের কাজে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক খালেদা বেগম কচ্ছপিয়া দক্ষিণ মৌলভীরকাটা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা এবং মোবাইল ফোনসহ রামু থানায় হস্তান্তর হয়েছে।