উখিয়ায় বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। এ সময় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে সদর বন বিটের মধুরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ জানায়, কতিপয় ব্যক্তিরা মধুরছড়া এলাকায় সরকারি বনভূমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছিল। এমন তথ্যের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন বিটের বন কর্মকর্তা-কর্মচারী ও ইআরটি দলের সদস্যরা অভিযানে নামেন। অভিযান কালে ৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ৩০ একর বনভূমি বেদখল মুক্ত করে সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, হেডম্যান ইব্রাহিম ও তার ভাই ওমর ফারুক সরকারি বনবিভাগের জায়গা জবরদখল করে অবৈধ ভাবে স্থাপনা তৈরি করে বাণিজ্যিক ভিত্তিতে ক্রয় বিক্রির ঘটনায় জড়িত।
তবে এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, 'বনভূমি জবরদখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।'