নির্বাচনের আগের দিন কক্সবাজারের উখিয়ার থেকে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী জানায়- অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে খবর পেয়ে উখিয়া উপজেলার বালুখালী ১নং ওয়ার্ডে এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ জুলু ডাকাতের পুত্র সন্ত্রাসী আমিন, তার দেহরক্ষী জানে আলমসহ আরেকজন আটক করা হয়। আর ঘটনাস্থল হতে ১টি বিদেশি পিস্তল, ১ টি একে-২২ রাইফেল, ১ টি দেশীয় পিস্তল, ২ টি একনলা বন্দুক, ২ টি দেশীয় ধারালো অস্ত্র, ১ টি পিস্তল ম্যাগাজিন, ২ টি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল এ্যামুনিশন, ২ টি কার্তুজ এবং ২ টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়-আটকরা দীর্ঘদিন ধরে বালুখালী এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি চালানো হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
“সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী।”