প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরের সিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে। তিনি এক দিনের সফরে আগামী ১৩ মার্চ শনিবার সকালে কক্সবাজার আসবেন। শনিবার পুরোদিন তিনি কক্সবাজারে বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত সময় পার করবেন। বিশ্বস্ত সুত্র এ তথ্য জানিয়েছেন। সুত্র মতে, প্রাথমিকভাবে নির্ধারণ করা প্রোগ্রাম গুলো যেকোন সময় আবারো পরিবর্তন ও সংশোধন হতে পারে।
সুত্র মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুন শনিবার সকাল ৯টায় বিমানযোগে সপরিবারে কক্সবাজার পৌঁছাবেন। শনিবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পূণ খনন কাজ উদ্বোধন ও সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে তিনি সকাল ১১টা ১৫ মিনিটে চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কের উদ্দ্যেশে সড়কপথে রওয়ানা দেবেন। দুপুর ১২টায় তিনি ডুলাহাজারা সাফারী পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে "সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির" শুভ উদ্বোধন ও সাফারী পার্ক পরিদর্শন করবেন। সাফারী পার্ক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ১২ টা ১৫ মিনিটে ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ায় মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জেয়ারতের উদ্দেশ্যে একতা বাজার হয়ে রওয়ানা দেবেন। দুপুর ১টায় তিনি শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। সেখান থেকে দুপুর দেড়টায় রওয়ানা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাত করবেন। ২টা ৪৫ মিনিটে তিনি নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাত করবেন। তিনি জোহরের নামাজ আদায় করে বিকেল ৩টায় পেকুয়াতে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর বাসভবন "সাঈদ ম্যানশন" এ মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান পেকুয়া থেকে একতাবাজার হয়ে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে পৌঁছাবেন। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। চকরিয়া জনসভাস্থল থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি সড়কপথে কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তিনি সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ পরিদর্শন করবেন। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘন্টা প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অথবা বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে কক্সবাজারের সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফর শেষে রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
এসব প্রোগ্রাম সম্পূর্ণ প্রাথমিকভাবে নির্ধারন করা হয়েছে। যেকোন সময় প্রোগ্রাম গুলো সংশোধন ও বাতিল হতে পারে। একজন নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, ভিভিআইপি-দের মাঠ পর্যায়ের পূর্ব নির্ধারিত যেকোন প্রোগ্রাম ও চলাচলের রাস্তা নিরাপত্তাজনিত বা বিভিন্ন কারণে তাৎক্ষণিক বাতিল বা সংশোধন হতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার।
স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব মো: ছাফওয়ানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আগমনের সার্বিক প্রস্তুতি মনিটরিং ও দেখভাল করতে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ১১ জুন বৃহস্পতিবার কক্সবাজার আসছেন। এছাড়া, প্রধানমন্ত্রীর প্রোগ্রামে অংশ নিতে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, ৫ জন সচিব সহ উর্ধ্বতন কর্মকর্তারা ১২ জুন শুক্রবার কক্সবাজার আসবেন।