পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে উখিয়ায় ১৪তম পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিম। শুক্রবার ( ১৭ জুলাই) উপজেলা প্রশাসন ও এফএইচ এসোসিয়েশন এর সহযোগিতায় উপজেলা কোট বাজার দক্ষিণ ষ্টেশনে ময়লা আবর্জনার ভাগাড় দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সংগঠনটির ৩৭ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি ছিলেন উখিয়া বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। এ সময় উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ, বিডি ক্লিন কক্সবাজার টিমের সমন্বয়ক ছৈয়দ করিম, অতিরিক্ত সমন্বয়ক আকিবুল আলম, এফ এইচ এসোসিয়েশনের প্রোগ্রাম কো অডিনেটর মোয়াজ্জেম হোসেন, ও চাইল্ড ম্যারেজ নো মোর প্রজেক্টের ফোকাল ইউসুফ আলী সহ ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযান কালে সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ২০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়। এ সময় সড়ক, জনসমাগমস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার করে।
বিডি ক্লিন উখিয়া টিমের সমন্বয়ক ওমর ফারুক জানান, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা জরুরি। এই ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
অংশগ্রহণকারী, বিডি ক্লিন সদস্যরা জানান, উখিয়ায় একটি আধুনিক বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপন, নিয়মিত ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। নির্ধারিত স্থান ছাড়া যেখানে-সেখানে বর্জ্য না ফেলার জন্য সংশ্লিষ্ট ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন, শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না, পরিবেশ রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণে আরো সতর্ক অবলম্বন করতে হবে।