কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে হত্যা মামলার আসামিসহ দুই ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি এবং ১৪ জন মাদকসেবী রয়েছে। এ সময় ১৭টি মোটরসাইকেল জব্দ ও কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পৌর এলাকা ও পার্শ্ববর্তী ইউনিয়নে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তানজিব হাসান বাপ্পি (৩০) এবং রামু উপজেলার রশিদনগর এলাকা থেকে মোহাম্মদ আল আমিন (২২) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে বাপ্পির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০১৬ সালের একটি হত্যা মামলা এবং ২০১৮ সালের একটি চুরির মামলা রয়েছে।
এদিকে আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- বাংলাবাজার এলাকার মোহাম্মদ রেজাউল করিম এবং মধ্যম বাহারছড়ার মোহাম্মদ রফিক আহমদ।
পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লোহাগাড়ার নাসির উদ্দিন ও মোহাম্মদ মজিবুল হক; মহেশখালীর বড় কুলাল পাড়ার আবু তালেব, মোহাম্মদ নাসির ও গিয়াস উদ্দিন; চকরিয়া ডুলাহাজরার মোশারফ হোসেন জয়; উখিয়ার ইনানীর আব্দুল হাকিম; এবং কক্সবাজার সদর ও পৌরসভার বিভিন্ন এলাকার আবুল হাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়হান সিকদার, সাকিব, ওমর ফারুক প্রকাশ বাবু, তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ শিহাব।
অভিযান চলাকালে কাগজপত্রবিহীন ও সন্দেহভাজন ১৭টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।