প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অদূরে সাগরে ছালেহ আহমদের মালিকানাধীন বোটে প্রায় দেড়শ মণ নাগু মাছ ধরা পড়েছে। মাছগুলো পাইকারি ও খুচরা বাজারে ২০ লাখ টাকায় বিক্রি করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ফিশারি ঘাটে মাছগুলো পাইকারি ও খুচরা দামে বিক্রি করতে দেখা যায়।
বোটের মাঝি রহমত উল্লাহ জানান, গেল ২৭ জানুয়ারি কায়ুকখালী পাড়া ঘাট থেকে মাঝিমাল্লা সহ বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। আজ শনিবার সকালে সেন্টমার্টিনের অদূরে মাছের একটি বড় ঝাঁক দেখে সাগরে জাল ফেলা হয়৷ আল্লাহর রহমতে জালে বিপুল পরিমাণ নাগু মাছ ধরা পড়ে। সন্ধ্যার দিকে মাছভর্তি বোটটি ফিশারি ঘাটে নোঙর করা হয় বলে জানান তিনি।
বোটের মালিক ছালেহ আহমেদ জানান, জালে ধরা পড়া মাছগুলো স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। মণ প্রতি ২০ হাজার টাকার কম/বেশি দরে মোট ২০ লাখ ২৫ হাজার টাকা পাওয়া গেছে।
কায়ুকখালী পাড়া ফিশারি ঘাটের দায়িত্বরত সৈয়দ আলম জানান, নিলামের সময় বোটে মোট ১১২ মণ নাগু মাছ পাওয়া গেছে। সেখান থেকে বিভিন্ন মাধ্যমে মাছগুলো খুচরা ও পাইকারি দামে বিক্রি করা হয়।
বলাবাহুল্য, বঙ্গোপসাগরের মৎস্য এখানকার মানুষের শুধু অর্থনৈতিক স্বস্তি এনে দেয়নি, বরং উপকূলীয় অঞ্চলের মৎস্য খাতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।