সুবিধাবঞ্চিত ও এতিম অসহায় ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাতার চ্যারিটি। রোববার ( ২৫ অক্টোবর ) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত খাদ্য সহায়তা কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
এসময় তিনি বলেছেন, ”মানবিক সহয়তার অংশ হিসেবে কাতার চ্যারিটি দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। তাঁদের এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক। তাঁদের সহয়তায় সদর, রামু ও ঈদগাঁও-এর ১২০০ পরিবার খাদ্য সামগ্রী পেয়েছেন। এটা দিয়ে কিছুটা হলেও পরিবারগুলো মাজে স্বস্তি আসবে। তিনি বলেন, গেলো বন্যায় উদ্বাস্তু কয়েক হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়েছে। শুধু বন্যা নয়; এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। আমি চাই, আমার নির্বাচনী এলাকার কোন মানুষ যেন কষ্টে না থাকে। ব্যক্তিগত তহবিল, সরকার, এনজিও ও বিদেশি যেকোনো মানবিক সংস্থা থেকে পারি; আমি আপনাদের পাশে থেকেছি। আপনাদের যেকোনো সমস্যায়, আমাকে সরাসরি অবগত করবেন, আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।”
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, এক কেজি ছুরি শুটকি মাছ, এক কেজি ডাল, দুই লিটার সয়াবিন তেল, চাল, লবণ, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
পরে এমপি দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়নে কেয়ার বাংলাদেশ-এর উদ্যোগে পানিরছড়া আদর্শ গ্রামের চাইল্যা গাছতলা খাল খনন কাজ, চেইন্দা ঘোনারপাড়ায় নিজ বরাদ্দে নির্মিত রাস্তা পরিদর্শন করেন। পাশাপাশি উন্নয়নবঞ্চিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন লুৎফুর রহমান কাজল এমপি। এসময় তিনি স্থানীয় মানুষের সাথে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁদের পরিবার, এলাকার নানা সমস্যা নিয়ে কথা বলেন।
রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমেদ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি ও ব্যবসায়ী জাবেদ ইকবাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনসারুল হক, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী কান প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।