সাম্প্রতিক বন্যা পরবর্তী সময়ে কুতুবদিয়া পাড়া ও খুরুশকুলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ১১৫০ পরিবারের মাঝে প্রয়োজনীয় হাইজিন কিট বিতরণ করা হয়েছে। দুর্গত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও রোগব্যাধি রোধে এই সহায়তা দেওয়া হয়।
রবিবার (২ আগস্ট ) সকাল ১১ টায় কুতুবদিয়া পাড়া উপকূলীয় প্রাথমিক বিদ্যালয় ও খুরুশকুল শিক্ষা নিকেতন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কিট বিতরণ করেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বিতরণকালে এমপি কাজল বলেন, বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের কষ্ট লাঘবে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। এসব কিট সঠিক ব্যবহারে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব। তিনি বলেন, পরিচ্ছন্নতা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার মূল ভিত্তি। আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে; পরিস্কার থাকলে রোগব্যাধি ছড়ায় না, জীবনযাত্রার মান উন্নত হয়। আমরা নিজেদের মত ঘর, পাড়া ও পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সেটাই ধীরে ধীরে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে উঠবে।।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও স্কুলের শিক্ষক -শিক্ষিকারা এসময় উপস্থিত ছিলেন।
একই দিন দুপুরে খুরুশকুল উচ্চ বিদ্যালয়, পিএমখালী উচ্চ বিদ্যালয় ও ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ১৫ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দিলেন লুৎফুর রহমান কাজল এমপি। এসময় তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং প্রতি বছর অন্তত দুই একটি করে গাছের চারা রোপণ ও যত্নের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।
পরে তিনি রামুর সূর্যের হাসি ক্লিনিকে ফ্রী স্বাস্থ্য সেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। বক্তব্য শেষে তিনি হাসপাতালের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।