টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে বিশেষ অভিযান চালিয়ে ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল এবং ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সমুদ্রের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে সামুদ্রিক মাছ আহরণ প্রতিরোধে পরিচালিত অপারেশন কোরাল দ্বীপ এর আওতায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা এ বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহজনক ভাবে মাছ আহরণরত অবস্থায় ওই এলাকায় পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে কোস্ট গার্ডের সদস্যরা। পরে বোটগুলো জব্দ করে তল্লাশি চালানো হলে ২৮টি ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ সময় বোটে থাকা ১০১ জন জেলেকেও আটক করা হয়।
প্রাথমিকভাবে জব্দ করা সামুদ্রিক মাছের পরিমাণ ১৩ হাজার ২০০ কেজি বলে জানিয়েছে কোস্ট গার্ড। অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণের অভিযোগে এসব বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা পাঁচটি ট্রলিং বোট, ২৮টি ট্রলিং জাল, ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ এবং আটক ১০১ জন জেলেকে নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ ট্রলিং বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমুদ্রের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।