সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ ১০জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ।
জব্দ করা ট্রলারের নাম-এফ বি মোস্তফা। আটকরা হলেন, মাঝি মোঃ আলী জহির (৫২),মোঃ সাইফুল আলম(২৪), আব্দুল গফুর (৫২),মোঃ ইলিয়াস (২১), মোঃ ওসমান গনি (২৬),মোঃ মনির হোসেন (২৫),মোঃ সাহাবুদ্দীন (৪৫), মোঃ জাকির হোসেন (৩২), মোঃ হ্রদয়(১৮) ও মো: ফারুক(৩৭)।
শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় এফ বি মোস্তফা নামে একটি ট্রলার জব্দ করা হয়েছে। আজ শনিবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি ট্রলারকে থামার সংকেত দিলে ট্রলারটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। আভিযানিক দল ধাওয়া করে ট্রলারটিকে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ২৪০বস্তা (১২,০০০ কেজি) ইউরিয়া সার, ১৯০ বস্তা (৩৮০০ কেজি) রসুন ও ৯০ বস্তা (৪৫০০ কেজি) পেঁয়াজসহ ট্রলারটি জব্দ করা হয়।এসময় ট্রলারে থাকা ১জন রোহিঙ্গাসহ ১০জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা মালামাল এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।