কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ ও সন্ত্রাস বিরোধী মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পর্যটন শহর ও এর আশপাশের এলাকায় অপরাধ প্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার পেশকার পাড়ার (০৪ নং ওয়ার্ড) আব্দুল মোনাফ সিকদার প্রকাশ গুজা মুনাফ (৩৮), পশ্চিম বাহারছড়ার (১১নং ওয়ার্ড) সৈয়দ হোসেন রানা (৩৫) এবং লাইট হাউজ পাড়ার (১২নং ওয়ার্ড) আব্দুল শুক্কুর (৪০)।
খুরুশকুল ইউনিয়নের কুলিয়া পাড়ার (৯নং ওয়ার্ড) গিয়াস উদ্দিনকে (৫০) একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মহেশখালীর গোরকঘাটা উত্তর ঘোনার পাড়ার বাসিন্দা (বর্তমানে কক্সবাজার পৌরসভার উকিল পাড়া এলাকার) ইকবাল হোসেন ফয়সালকে (২৫) একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
মাদক সেবনের দায়ে গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন- মহেশখালীর ঘটিভাঙ্গার জিসান (১৮), টেকনাফের হ্নীলা রাসুলাবাদের (বর্তমানে ঝিলংজা চন্দ্রিমা মাঠ এলাকার বাসিন্দা) তাওহিদুল মোস্তাকিম নাঈম (২১), খুরুশকুল-মাঝির পাড়ার বোরহান (১৯) এবং টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার এলাকার মোঃ ফারুক (১৯)।
এছাড়া জুয়া প্রতিরোধ আইনে ঝিলংজার পশ্চিম মুক্তারকুল (খুরুলিয়া) এলাকার মোঃ রিফাতুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।