আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গতকাল কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, সেবনকারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী, ৫ জন বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং ১ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলার ঘটনায় মধ্যম কুতুবদিয়া পাড়ার ছাবের আহমদের ছেলে আসহাব উদ্দিন রাসেল (৩৬)-কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগে ঝিলংজার ইসলামাবাদের সৈকত দে (২২), পশ্চিম নতুন বাহারছড়ার মো. সালাউদ্দিন (২৬) এবং পূর্ব পাহাড়তলীর মো. রশিদ (৩০)-কে আটক করা হয়।
অন্যদিকে, বিভিন্ন ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে বাদশা ঘোনা এলাকার মো. ইলিয়াস (৩৬), দক্ষিণ কলাতলী বড়ছড়ার মো. নজরুল ইসলাম (২০) ও মো. মজিবুর রহমান প্রকাশ মুজিব (১৮), রুমালিয়ারছড়ার আমিনুল ইসলাম আজাদ (৩৮) এবং মধ্যম কুতুবদিয়া পাড়ার রাকিবুল হাসান আশেক (২১)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে কক্সবাজার সদর মডেল থানার এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।